কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
শ্যামনগরে অসহায় ব্যক্তির পাশে ইউএনও, তাৎক্ষণিক পেলেন হুইলচেয়ার
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এক অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে তাৎক্ষণিকভাবে একটি হুইলচেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। মানচিত্রদেখুন
জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মৃত আজিজুল্যাহ কাগুচির ছেলে মো. আমজিয়ার কাগুচি আর্থিক অসচ্ছলতা ও অসহায়ত্বের কথা জানিয়ে সহায়তার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান।
এ সময় তাঁর শারীরিক অবস্থা ও চলাচলের অসুবিধার বিষয়টি জানতে পেরে ইউএনও শামসুজ্জাহান কনক তাৎক্ষণিকভাবে তাঁর হাতে একটি নতুন হুইলচেয়ার তুলে দেন। আমজিয়ার কাগুচির একটি পা না থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে তাঁর অসুবিধা হয়।
হুইলচেয়ার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আমজিয়ার কাগুচি। তিনি জানান, চলাচলের অসুবিধার কারণে দীর্ঘদিন ধরে তাঁকে কষ্ট পোহাতে হচ্ছিল। হুইলচেয়ারটি তাঁর চলাচলে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। পিছিয়ে পড়া মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।