কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
শ্যামনগরে বসতঘরের খুঁটির সঙ্গে বেঁধে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও নাতির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আবাদচ-ীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ছফেদ আলী গাইন নামে ওই বৃদ্ধকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছফেদ আলী গাইন আবাদচ-ীপুর গ্রামের মৃত আবুল কাশেম গাইনের ছেলে। তিনি তাঁর পুরানো ঘরের খুঁটি সরিয়ে পাকা দেয়াল নির্মাণ করছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ তাঁর ছেলে নুর মোহাম্মদ ও নাতি রিফাত এসে বাদানুবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা হাত মোচড়ানোর পাশাপাশি তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালান। খবর পেয়ে ছোট ছেলে রাশিদুল এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্ত সন্তান ও নাতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে। শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।