কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে যুবক সঞ্জিব সরকারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা গোপাল সরকার বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলাটি করেন। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত এক আসামির পিতা নেপাল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) কালিগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ০১, জুলাই-২০২৬। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি তাপস সরকারের বাবা নেপাল চন্দ্র সরকারকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামের একটি মৎস্যঘের থেকে সঞ্জিব সরকারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
নিহতের পরিবারের দাবি, সঞ্জিব সরকার পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।