সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার সংবাদ অঙ্গনের পরিচিত মুখ, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলীম (৬৭) আর নেই। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর রাজধানীর ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শেখ আব্দুল আলীম সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুসফুসে বাতাস প্রবেশের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর ফুসফুসে অস্ত্রোপচার করেন।
অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তাঁকে নিবিড় পরিচর্যায় রাখা হয়। সন্ধ্যায় হঠাৎ খিঁচুনি শুরু হলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন। এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শেখ আব্দুল আলীমের মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিকতা অঙ্গনের একজন পরিচিত ও সহকর্মীকে হারালেন তাঁরা। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিবৃতি দাতারা হলেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস. এম. মহিদার রহমান, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি মীর আবু বকর, যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. মোশাররফ ও মো. ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস. এম. রবিউল ইসলাম, অর্থ সম্পাদক শেখ হাসান গফুর, দপ্তর সম্পাদক জি. এম. সোহরাব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী মুক্তাদা হৃদয় এবং নির্বাহী সদস্য শাহাজান আলী মিটন, সাইফুল আযম খান মামুন ও হাফিজুর রহমান।