কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের কয়েকজনের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। মানচিত্রদেখুন
স্মারকলিপিতে মৃত আশরাফের ছেলে আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুলসহ তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ করা হয়। এলাকাবাসীর দাবি, একাধিকবার পুলিশের হাতে আটক হওয়ার পরও তাঁরা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, কদমতলা বাজার কমিটি ও এলাকাবাসী বিভিন্নভাবে তাঁদের প্রতিহত করার চেষ্টা করেও সফল হননি। কেউ প্রতিবাদ করলে তাঁকে হামলার শিকার হতে হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ধান ও পাট ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হাজারো মানুষ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। এ সময় বক্তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে শামসুজ্জামান ও মো. জাকির হোসেন বলেন, জাহাঙ্গীর ও আলমগীরসহ তাঁদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে এলাকায় পরিচিত। তাঁরা অভিযোগগুলোর বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।