কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার জন্য এ যেন এক গর্বের সংবাদ। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি ব্যাচের মেধাবী শিক্ষার্থী তামান্না পারভিন খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তার এই অসাধারণ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
সাতক্ষীরা সদর উপজেলার ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের সন্তান তামান্না পারভিন ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও শিক্ষার প্রতি গভীর অনুরাগের জন্য পরিচিত ছিলেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি তার মেধার স্বাক্ষর রেখে এগিয়ে গেছেন। দীর্ঘ পরিশ্রম, একাগ্রতা ও অধ্যবসায়ের ফলস্বরূপ তিনি দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের গৌরব অর্জন করেছেন।
তামান্না পারভিনের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি ঝাউডাঙ্গা, সাতক্ষীরা তথা সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গর্বের বিষয়। তার এ অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, তামান্না পারভিনের মতো একজন কৃতি সন্তানের এমন সাফল্য প্রমাণ করে যে, মেধা ও পরিশ্রম থাকলে গ্রামাঞ্চল থেকেও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছানো সম্ভব।
এদিকে, তামান্না পারভিনের এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন