সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগে আদালতের কারণ দর্শানোর নোটিশ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত থেকে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না—এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশ জারি করতে গিয়ে জারি কারক সালাউদ্দিন দুই দিন ধরে নির্বাচন কমিশনারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোনে সাড়া না পাওয়ার এবং নোটিশ গ্রহণ না করার অভিযোগ ওঠে। পরে বাধ্য হয়ে তিনি নির্বাচন কমিশনারদের অফিস কক্ষের দরজায় নোটিশটি সাঁটিয়ে দেন।
বাদীপক্ষের অভিযোগ, নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে বৈষম্য, সমিতির গঠনতন্ত্রের বিধান লঙ্ঘন এবং বর্তমান কার্যকরী কমিটি বহাল রেখেই নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করা হয়েছে।
মামলাটি ১৯৫/২৬ নম্বরে উল্লেখ করা হয়েছে। আদালতের নির্ধারিত সময়ে বিবাদীরা জবাব না দিলে মামলাটি একতরফাভাবে শুনানি ও নিষ্পত্তি হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।