কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
পশ্চিম বনবিভাগের মাদারবাড়ীয়া খালের সন্নিকটে ছোট নাক জোড়া খাল এলাকা থেকে ২ ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এসময় দুইটি নৌকা, ৬৫ কেজি চিংড়ি মাছ, ভেষালী জালসহ সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে মাদারবাড়ীয়া খালের সন্নিকটে ছোট নাকজড়া খাল এলাকা থেকে বন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জোড়সিং গ্রামের রফিকুল মোড়লের পুত্র আল মামুন ও লতিফ মোল্লার পুত্র মাছুম বিল্লাহ।
জানা গেছে, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে মাদারবাড়িয়া খালের সন্নিকটে ছোট নাকজড়া খাল এলাকা থেকে তাদের আটক করে। এসময় ৬৫ কেজি চিংড়ি মাছ, ২ টি নৌকা, ভেষালী জাল, ২ টি বৈঠাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, সুন্দরবন বন্ধের সময় তারা সুন্দরবনের ভিতর প্রবেশ করে। আমাদের বন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়। জব্দকৃত চিংড়ি মাছ আদালতের নির্দেশে মাটিতে পুতে নষ্ট করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে বন আইনি আদালতে মামলা করা হয়েছে।
(পত্রদুধ)