কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং অনুমোদিত চিকিৎসক ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে কলারোয়া উপজেলার হাসপাতাল রোড ও কেরালকাতা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।
অভিযানে কেরালকাতা ইউনিয়নের মা জননী নার্সিং হোম এবং মাতৃকল্যাণ ক্লিনিকে অনিয়মের সত্যতা পাওয়া যায়। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির সরকারি অনুমোদন নেই। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং অনুমোদিত চিকিৎসক ছাড়া কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
এ ঘটনায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাতৃকল্যাণ ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বাপি কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কলারোয়া উপজেলায় এ ধরনের আরও অনেক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যেগুলোর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক নয় এবং অনেক প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া বা আইনবহির্ভূতভাবে পরিচালিত কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।