মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির লাঙ্গলঝাড়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জুলফিকার আলী আর নেই। তিনি শনিবার (১ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলারোয়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের প্রথম জানাজার নামাজ বিকেল ৫টায় কলারোয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জানাজায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইস উদ্দিন, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম, এম. এ. হাকিম সবুজসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শুরা সদস্য হযরত মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলার ৩ নম্বর গদখালী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা তৌহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ গ্রাম রামচন্দ্রপুরে নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর ধর্মীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এ সময় আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর শোকের সঙ্গে তাঁকে শেষ বিদায় জানান।
জুলফিকার আলী দীর্ঘদিন লাঙ্গলঝাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।