কলারোয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভাই; গ্রেফতার ৪

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গ্রাম্যভাবে সমাধানের উদ্যোগ হিসেবে খামারের একপাশে পর্দা টানানো হয়েছিল। সোমবার সেই পর্দা সরানো নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম ওরফে আরিফ ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিম হোসেনের পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে রুহুল আমিনও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ওরফে আরিফসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন— আরিফুল ইসলাম আরিফ (২৮), মো. কামাল উদ্দিন (৬২), মোছা. শাহানারা খাতুন (৫৫) ও সাথী আক্তার (২৫)।
নিহতের পিতা ছলেমান শেখ অভিযোগ করে বলেন, “হত্যাকারীরা ধানের শীষের পক্ষে রাজনীতি করেন, আর আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করি। ভোটের দিন আমার দুই ছেলে নিজেদের ভ্যানে করে দাঁড়িপাল্লার সমর্থকদের ভোটকেন্দ্রে পৌঁছে দিয়েছিল। নির্বাচনে তারা পরাজিত হওয়ার পর থেকেই আমাদের প্রতি ক্ষোভ পোষণ করছিল। সেই রাজনৈতিক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *