কলারোয়ায় নিহত ইব্রাহিমের জানাজায় এমপি ইজ্জত উল্লাহ, ন্যায়বিচারের আশ্বাস
কলারোয়ায় ছুরিকাঘাতে নিহত যুবক ইব্রাহিম হোসেনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
জানাজার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, ইউনিয়ন আমীর মাস্টার আজিজুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত প্রমুখ। বক্তারা নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানাজা নামাজের ইমামতি করেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
এছাড়াও জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত মুসল্লিরা মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা শেষে এমপি ইজ্জত উল্লাহ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেন এবং ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দেন। তিনি বলেন, “এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিচার নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, সোমবার মুরগির খামার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ইব্রাহিম হোসেন নিহত হন এবং তার বড় ভাই গুরুতর আহত হন। এ ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


