নির্বাচনের পর কৃতজ্ঞতা জানাতে জনতার মাঝে এমপি ইজ্জত উল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি কলারোয়া পৌরসভা, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও কেরালকাতা ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

সদ্যসমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করায় তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এ বিজয়। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।”
তিনি জানান, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করা এবং শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জরাজীর্ণ সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলার বিভিন্ন সড়কের নাজুক অবস্থার কথা উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার ও মেরামতের আশ্বাস দেন। একই সঙ্গে এলাকার দীর্ঘদিনের সমস্যা নিরসনে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান। তিনি বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল পুনঃখননের মাধ্যমে স্থায়ী সমাধানে কাজ করা হবে।
সফরকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শোনেন এবং ধারাবাহিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, জেলা শূরা সদস্য মাওলানা মো. ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, আনারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *