তালায় যুবদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, যুবক হাসপাতালে
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বাবু জানান, পারিবারিক একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি চলছিল। এ সময় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিশ্বাস (নুরু) ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরোধে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ে তিনি আপত্তি জানালে নুরুল ইসলাম বিশ্বাস তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন বাবু। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত নুরুল ইসলাম বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্র দাবি করেছে, এর আগেও চলতি মাসের ৪ ও ৫ ফেব্রুয়ারি পৃথক দুটি মারধরের ঘটনায় তার নাম আলোচনায় আসে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


