সাতক্ষীরাকে মডেল জেলা গড়ার আহ্বান
সাতক্ষীরাকে সম্মিলিত প্রচেষ্টায় একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, সাংবাদিক, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করলে সাতক্ষীরা অবশ্যই একটি আদর্শ জেলায় পরিণত হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহফুজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।
জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, প্রশাসন ও সাংবাদিকদের কাজের ধরণ অনেকটাই সাদৃশ্যপূর্ণ। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রেসক্লাবকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা. জিললুর রহমান, নির্বাহী সদস্যবৃন্দ ও সাবেক নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


