সততা ও নৈতিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করাই প্রকৃত ইবাদত: কলারোয়ায় ইফতার মাহফিলে এমপি ইজ্জত উল্লাহ”
পবিত্র মাহে রমজানের মহান শিক্ষা ও আদর্শকে ধারণ করে কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে কলারোয়া পৌর সদরের মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে এই নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এম.পি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। ব্যবসায়ীরা সমাজের অর্থনীতির মূল চালিকাশক্তি। আপনারা যদি সততা, ন্যায়পরায়ণতা এবং নৈতিকতাকে পুঁজি করে ব্যবসা পরিচালনা করেন, তবে সেটি কেবল ব্যবসাই নয়, বরং মহান আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। বিশেষ করে রমজানে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং জনসেবায় এগিয়ে আসার জন্য আমি সকল ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
সংগঠনটির উপজেলা সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী এর সভাপতিত্বে ও সেক্রেটারি ডাক্তার আব্দুর রশিদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF সাতক্ষীরা জেলা এর উপদেষ্টা মাওলানা মোঃ ওসমান গনী, IBWF কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কামারুজ্জামান, মোঃ মহিউদ্দিন মাহমুদ, উপদেষ্টা মাওলানা মোঃ শহিদুল ইসলাম, পরিচালক আনোয়ারুল ইসলাম, প্রভাষক রুহুল কুদ্দুস।
এছাড়াও কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কেবল একটি পেশাজীবী সংগঠন নয়, বরং এটি ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং একটি ইনসাফভিত্তিক ও সুদমুক্ত অর্থব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। দক্ষ ও নৈতিকতাসম্পন্ন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এই সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা একসাথে ইফতার গ্রহণ করেন।


