অসহায় সাইদুরের স্বাবলম্বিতায় ‘আলোকিত কলারোয়া’র মানবিক উদ্যোগ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের কোমর থেকে শরীরের নিম্নাংশ প্যারালাইজড সাইদুর রহমানের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সামাজিক সংগঠন ‘আলোকিত কলারোয়া’র অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় তার জন্য একটি মুদি ও চায়ের দোকান নির্মাণ করা হয়েছে।
দোকানটির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-1 (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবকল্যাণে সমাজের সবাই এভাবে এগিয়ে এলে অসহায় ও দুস্থ পরিবারগুলো স্বাবলম্বী হয়ে নিজেদের আহারের ব্যবস্থা করতে পারবে।” তিনি এ ধরনের মানবিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘আলোকিত কলারোয়া’র রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহযোগিতা এবং সাইদুর রহমানের জন্য সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এসপি মো. আবুল হোসেন, ইসলামী ব্যাংক ঢাকা শাখার মো. আব্দুর রকিব, সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস আলী, মো. কুরবান আলী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নারী-পুরুষ।
উদ্বোধনী অনুষ্ঠানটি ১৪ মার্চ ২০২৬, দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।


