ব্রেকিং নিউজ :

কলারোয়ায় লাইসেন্সবিহীন ও নোংরা পরিবেশ: দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন | ১৮৯
কলারোয়ায় লাইসেন্সবিহীন ও নোংরা পরিবেশ: দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মোঃ আবু সাঈদ

মানুষের জীবনের সবচেয়ে বড় আমানত হলো স্বাস্থ্য। আর সেই স্বাস্থ্যসেবা নিয়ে কোনো প্রকার অবহেলা বা ছিনিমিনি খেলা কোনোভাবেই কাম্য নয়। সাধারণ মানুষের এই মৌলিক অধিকার রক্ষায় এবং জনস্বার্থে সাতক্ষীরার কলারোয়ায় এক কঠোর ও প্রশংসনীয় অভিযান পরিচালিত হয়েছে। কলারোয়া হাসপাতাল রোডে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা এবং চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানার আওতায় এনেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়।কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন হোসেন।গোপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলারোয়া হাসপাতাল রোডের কিছু চিকিৎসাকেন্দ্রে নিয়মনীতির তোয়াক্কা না করে সেবা দেওয়ার নামে ব্যবসা চালানো হচ্ছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে কড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে চরম অপরিচ্ছন্নতা, অব্যবস্থাপনা ও নানাবিধ অনিয়মের অকাট্য প্রমাণ মেলায় ‘মিতালী ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা এবং ‘ডক্টরস ডিজিটাল ল্যাব’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ উন্নত করা ও বৈধ কাগজপত্র নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের জীবন নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন ও নোংরা পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার দিন শেষ। জনস্বার্থে প্রশাসনের এই মানবিক ও কঠোর নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।এদিকে কলারোয়া উপজেলা প্রশাসনের এমন জনমুখী ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল।