ব্রেকিং নিউজ :

‎কলারোয়ার পৌরসভার গদখালী ৩নং ওয়ার্ডের দালালপাড়ায় রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন | ১৬৯
‎কলারোয়ার পৌরসভার  গদখালী ৩নং ওয়ার্ডের দালালপাড়ায় রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে

কলারোয়া প্রতিনিধি:
‎সাতক্ষীরার কলারোয়া উপজেলার পৌরসভার ৩ নং গদখালী ওয়ার্ডের দালালপাড়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ সংস্কার কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
‎জানা গেছে, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম-এর সহযোগিতায় এ জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। সংস্কার কাজে নেতৃত্ব দেন কলারোয়া জামায়াতের পৌর আমির অধ্যাপক ইউনুস আলী বাবু এবং ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাওলানা তৌহিদুর রহমান।
‎স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে শিক্ষার্থী, কৃষক, পথচারী এবং ছোট যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনার পর দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
‎রাস্তা সংস্কার কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই রাস্তার কাজ সম্পন্ন হয়, যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
‎এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, পৌর আমির অধ্যাপক ইউনুস আলী বাবু এবং মেম্বার প্রার্থী মাওলানা তৌহিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করবে এবং মানুষের দৈনন্দিন চলাচল সহজ করবে।
‎স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার বিভিন্ন অবকাঠামোগত সমস্যার সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।