
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে এক হতদরিদ্র ভ্যানচালক ও তার পরিবারকে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে। মামলার পর থেকে গ্রেফতার আতঙ্ক ও হয়রানির ভয়ে পরিবারটি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
ভুক্তভোগী জিয়ারুল গাজী (৫০) উপজেলার মানিকনগর গ্রামের শামছুল গাজীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকনগর গ্রামের আব্দুল রশিদ গাজীর মেয়ে ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে জিয়ারুলদের জমি দখলের চেষ্টা করে আসছিলেন। কম মূল্যে জমি কিনতে ব্যর্থ হয়ে তিনি জিয়ারুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, নিরাপত্তা শঙ্কায় জিয়ারুলের পরিবার কথিত ঘটনার প্রায় সাত মাস আগেই গ্রাম ছেড়ে দেয়াড়া ইউনিয়নের খোর্দ গ্রামে বসবাস শুরু করে। মামলার উল্লেখিত ঘটনার দিনও তারা এলাকায় উপস্থিত ছিলেন না। জমি হস্তগত করতেই ফাতেমা খাতুন এই মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ গ্রামবাসীদের।
মামলার প্রধান সাক্ষী খোর্দ বাটরা গ্রামের কিনা মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান, উল্লিখিত ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে মামলার বাদী ফাতেমা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মিথ্যা মামলায় নিরিহ পরিবারটিকে হয়রানির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরপরাধ পরিবারটিকে হয়রানি থেকে মুক্তি দেওয়া এবং হয়রানিযুক্ত ঘটনার পেছনে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :