ব্রেকিং নিউজ :

এক গ্রামের ছয় মাদক কারবারি গ্রেপ্তার পুলিশের অভিযানে স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর


প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন | ১৬৯
এক গ্রামের ছয় মাদক কারবারি গ্রেপ্তার পুলিশের অভিযানে স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘদিন ধরেই সীমান্তঘেঁষা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার স্থানীয় মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে দেয়াড়া গ্রামের একটি মহল্লাকে ঘিরে মাদক কারবারিদের সক্রিয়তার অভিযোগ ছিল অনেক দিনের। স্থানীয় বাসিন্দারা বারবার উদ্বেগ প্রকাশ করলেও মাদক ব্যবসায়ীরা নানা কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কলারোয়া থানা পুলিশ সম্প্রতি কঠোর অবস্থান গ্রহণ করে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার ভোররাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেয়াড়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে একই গ্রামের ছয়জন কথিত মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে মোট ৩২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মশিয়ার রহমানের ছেলে গোলাম মোস্তফা (৪৪), মতিয়ার রহমান সানার ছেলে ফয়সাল ইসলাম (২৫), মোতালেব সানার ছেলে হাবিবুল ইসলাম (২৫), বজলুর রহমান সানার ছেলে আব্দুর রহিম (৪০), মৃত আইন উদ্দীন সানার ছেলে মাসুদ আলম (৩২) এবং সুলতান সানার ছেলে বুলবুল আহম্মেদ (৩৬)। তারা সবাই দেয়াড়া গ্রামের একই মহল্লার বাসিন্দা।
এদিকে একই রাতে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামেও পৃথক অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মৃত বাকের আলীর ছেলে মো. হাসান (৪৬)-কে আটক করে পুলিশ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের এ সফল অভিযানে স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সচেতন মহলের মতে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
কলারোয়া থানা পুলিশের এই অভিযান প্রমাণ করেছে, আন্তরিকতা ও নিয়মিত তৎপরতা থাকলে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের অভিশাপ থেকে মুক্ত হবে পুরো জনপদ।