
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তরকারি বাজার ও মাছ বাজার সংলগ্ন নদীর ওপর নির্মিত বাঁশের পুলটি সম্প্রতি নদীর পানির প্রবল স্রোতে ভেঙে যাওয়ায় বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। জনদুর্ভোগ লাঘবে দ্রুত নতুন করে পুলটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) নির্মাণস্থল সরেজমিন পরিদর্শন করে পুলটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এইচ. এম. শাহিন, কলারোয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু, বাজার কমিটির সভাপতি জনাব শওকত আলী, উপজেলা ও পৌরসভার প্রকৌশলীরা, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
উদ্বোধন শেষে অতিথিরা পুল নির্মাণকাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। তারা বলেন, পুলটি নির্মাণ শেষ হলে তরকারি বাজার ও মাছ বাজারে আসা হাজারো মানুষ এবং ব্যবসায়ীদের চলাচল সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত পুল নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত কাজ শেষ হলে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটবে এবং বাজারকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
আপনার মতামত লিখুন :