
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবাসহ সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
রোববার (০৪ অক্টোবর ২০২৬) দুপুর ১২ টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা প্রদান করা হয়। সাতক্ষীরারইভেন্ট
দন্ডপ্রাপ্তরা হলেন- চন্দনপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো: আবু সাঈদ (৪৫), যশোর জেলার শার্শা উপজেলার পারের কায়বা গ্রামের মো: সোহরাব হোসেনের ছেলে মো: সাইফুল ইসলাম (১৯), চন্দনপুর এলাকার মো: আব্দুস সাত্তারের ছেলে মো: সবুজ হোসেন (২৪), একই এলাকার মো: আলমগীর হোসেনের ছেলে মো: শরিফুল ইসলাম (২৭) এবং মো: আমিনুর রহমানের ছেলে মো: আতিকুর রহমান (২৬)।
অভিযান সূত্রে জানা যায়, চন্দনপুর ইউনিয়নে ৫ পিস ইয়াবাসহ সেবনরত অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১ নম্বর আসামি মো: আবু সাঈদকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অন্য চারজন অর্থাৎ মো: সাইফুল ইসলাম, মো: সবুজ হোসেন, মো: শরিফুল ইসলাম ও মো: আতিকুর রহমানকে ১,০০০/- (এক হাজার) টাকা করে জরিমানাসহ প্রত্যেকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
অভিযান পরিচালনায় কলারোয়া থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :