ব্রেকিং নিউজ :

গণতন্ত্র, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ১:০১ অপরাহ্ন | ১৩৯
গণতন্ত্র, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিকতা থাকা প্রয়োজন। তিনি রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জেলা শিবির সভাপতি মেহেদী হাসান এবং এনসিপি, এবি পার্টিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।