ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন | ২১৯
সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত মাছের ঘের থেকে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরাজেলা খবর
শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের বাইপাস সড়কসংলগ্ন একটি খালে অভিযান শুরু করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাওসার আজিজ। এ সময় খালের বিভিন্ন স্থানে স্থাপন করা নেট-পাটা অপসারণের পাশাপাশি খালের পানি চলাচলের প্রতিবন্ধকতা দূর করার কাজ করা হয়।
অভিযানে জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার এ কার্যক্রম কোনো একদিনের কর্মসূচি নয়, বরং এটি ধারাবাহিক উদ্যোগ। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে সচল রাখা এবং পানি প্রবাহে বাধা দূর করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, কিছু ঘের মালিক চিংড়ি চাষের স্বার্থে খালে নেট-পাটা স্থাপন করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর ফলে বর্ষা মৌসুমে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সংশ্লিষ্টদের স্বেচ্ছায় এসব নেট-পাটা অপসারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।
জেলা প্রশাসক আরও জানান, খাল দখল ও পানি চলাচলে বাধা সৃষ্টি করে এমন যেকোনো অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি মোঃ তৈয়েব হাসান সামছুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। সাতক্ষীরাজেলা খবর
এ ছাড়া বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।