
সময়মত প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়া ও চিকিৎসকের কর্তব্য অবহেলায় তাহসিন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতালে এই ঘটনা ঘটে।
মৃত কিশোর তাহসিন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের মো. হান্নানের ছেলে।
মৃতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার (২ জুন) দুপুরে নারিকেল পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন তাহসিন। দুপুর দেড়টার দিকে তাকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তবে সেখানে দায়িত্বরত কোন ডাক্তার-নার্সরা তখন ছিলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সার্জারী বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সরকার এসে রোগীকে দেখেন এবং কিছু বিষয়ে পরীক্ষা করতে বলেন। তারা সব পরীক্ষাও করান। তবে ওই পরীক্ষার রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করেন রাত ৯ টার দিকে। এরপর ডাক্তার এসে বলেন তার লাঞ্চ ফেটে গেছে এখানে চিকিৎসা করানো সম্ভব নয়, তাকে অন্যত্রে নিয়ে যান। কিন্তু এর কিছুক্ষণ পর তাহসিন মারা যায়।
তারা অভিযোগ করে আরো বলেন, তাহসিনের শ্বাসকষ্ট হচ্ছিল তবে তাকে কোন অক্সিজেন দেওয়া হয়নি। এসময় হাসপাতালে দায়িত্বরত কাউকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি সেসময় তাহসিনের আইসিইউ সাপোর্টের দরকার ছিল কিন্তু সাতক্ষীরা ট্রমা সেন্টারে কোন আইসিইউ এর ব্যবস্থা নেই। পরিবারের সদস্যরা তাহসিনকে অন্য কোথাও নিয়ে যেতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অন্য কোথাও নিয়ে যেতে দেননি। বরং চিকিৎসার খরচ হিসেবে প্রায় ৩০ হাজার টাকা তাদের কাছ থেকে নেয়া হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা ট্রমা সেন্টারের ম্যানেজার জনি হাসপাতালে তাহসিন নামের একজন রোগী মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, গাছ থেকে পড়ে গিয়ে তার লাঞ্চ ফেটে যায়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি জানার পর তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে নিয়ে যেতে বলা হয়। কিন্তু রোগীর লোকেরা তাকে নিয়ে যায়নি। ট্রমা সেন্টারে থাকা অবস্থায় তাহসিনের কোন চিকিৎসার অবহেলা হয়নি বলে দাবি করেন তিনি।
(নিউজ ডেস্ক ক্রাইম বার্তা)
আপনার মতামত লিখুন :