
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সকল ইউনিয়নের টিম সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর “ইউনিয়ন টিম সদস্য সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কলারোয়া উপজেলার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ কামারুজ্জামান-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করতে ইউনিয়ন টিম সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বশীলদের পারস্পরিক সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা, নিয়মিত যোগাযোগ এবং পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে সংগঠনের প্রতিটি দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আদর্শিক মানোন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে টিম সদস্যদের আন্তরিকতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাঃ কামারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে প্রত্যেক টিম সদস্যকে নিষ্ঠা, আন্তরিকতা ও দলীয় শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সমাবেশে উপজেলার সকল ইউনিয়নের টিম সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ইউনিয়নভিত্তিক কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :