
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মু. শামসুল আলম বুলবুল। উদ্বোধন শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাঙ্গলঝাড়া ইউনিয়ন শাখার আমির মো. মশিয়ার রহমান, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. আজহারুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন এলাকার তরুণরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলোয়াড়দের নান্দনিক নৈপুণ্য ও দর্শকদের প্রাণবন্ত উৎসাহে উদ্বোধনী ম্যাচটি উৎসবের আবহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের বাকি খেলাগুলোও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :