
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল ও তথ্যভিত্তিক করতে সাতক্ষীরার আশাশুনিতে উচ্চ মাধ্যমিক,মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটের সঙ্গে আন্তঃসংযোগ এবং মনিটরিং সিস্টেমের আওতায় আনার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও মমতাজ ট্রেডিং লিমিটেডের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মমতাজ ট্রেডিং লিমিটেডের আইসিটি বিশেষজ্ঞ মোঃ মুরাদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আসিফ ইকবাল।
কর্মশালায় উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজের আইসিটি শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট পরিচালনা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটের সঙ্গে সংযুক্তিকরণ,তথ্য হালনাগাদ এবং অনলাইন মনিটরিং পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষকরা জানান,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সঙ্গে সংযুক্ত হলে শিক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য আদান-প্রদান আরও সহজ ও কার্যকর হবে। এ উদ্যোগের ফলে মাধ্যমিক শিক্ষা পর্যায়ের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইটের আওতায় এনে দেশের প্রথম উপজেলা হিসেবে আশাশুনি বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আইসিটি বিশেষজ্ঞ মোঃ মুরাদুজ্জামান মুরাদ। তিনি বলেন,“ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
আপনার মতামত লিখুন :