ব্রেকিং নিউজ :

জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান এমপি মুহাদ্দিস রবিউল বাশার


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন | ২৬৯
জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান এমপি মুহাদ্দিস রবিউল বাশার

কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নে আয়োজিত এ বৈঠকে নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
রবিউল বাশার বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার জরুরি। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতা বৃদ্ধি করা সম্ভব। জ্ঞানার্জনের পাশাপাশি সবাইকে চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষা শুধু মানুষের জ্ঞান বৃদ্ধি করে না, নৈতিক ও সামাজিক দায়িত্ববোধও জাগ্রত করে। সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মো. মিজানুর রহমান, এস এম আশিক এবং সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দীপঙ্কর মণ্ডল।
এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি ধলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহমদ শাহ মাসুদ।