ব্রেকিং নিউজ :

জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে আমি সকলের এমপি,আপনারা নির্বিঘ্নে আমার কাছে আসবেন, মুহাদ্দিস রবিউল বাশার এমপি


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন | ১৮৯
জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে আমি সকলের এমপি,আপনারা নির্বিঘ্নে আমার কাছে আসবেন, মুহাদ্দিস রবিউল বাশার এমপি

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন,“এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সৎ,যোগ্য ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।” তিনি বলেন,“আমি জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকলের এমপি। আপনারা নির্বিঘ্নে আমার কাছে আসবেন।
আপনাদের সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব,ইনশাআল্লাহ।”
সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী আশাশুনির বড়দল ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন সকালে এমপি মুহাদ্দিস রবিউল বাশার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার চাঁদনী সংলগ্ন নদীভাঙন এলাকা এবং ফকরাবাদ বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন। পরে তিনি বাইনতলা রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় ও ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৩টায় বাইনতলা সাইক্লোন সেল্টারে বড়দল ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদ। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক,আশাশুনি উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,শ্রমিক কল্যাণ ফেডারেশনের আশাশুনি উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন,বড়দল ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,মৌলভী আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার আরও বলেন,বড়দল ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন,জলাবদ্ধতা নিরসন ও বেড়িবাঁধ নির্মাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।##