ব্রেকিং নিউজ :

কলারোয়ায় ফ্যামিলি কার্ড শুমারী-২০২৬: সুপারভাইজার পদে সাবেক ছাত্রলীগ নেতার চূড়ান্ত নিয়োগ, উঠছে নানা প্রশ্ন


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন | ২৩৯
কলারোয়ায় ফ্যামিলি কার্ড শুমারী-২০২৬: সুপারভাইজার পদে সাবেক ছাত্রলীগ নেতার চূড়ান্ত নিয়োগ, উঠছে নানা প্রশ্ন

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারী-২০২৬’ কার্যক্রমে ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের সুপারভাইজার পদে সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীবের চূড়ান্ত নিয়োগ নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, আহসান হাবীব অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের পক্ষে নির্বাচনী কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন বলেও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের আসনভিত্তিক সমন্বয়ক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন—এমন দাবিও রয়েছে। বিগত ৫ আগস্টের আগে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার উপস্থিতির বিষয়টিও স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি এবং কলারোয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে দেখা যেত বলে দাবি করেছেন কয়েকজন স্থানীয় ব্যক্তি।
স্থানীয় পর্যায়ে আরও আলোচনা রয়েছে, সাবেক আওয়ামী লীগ নেতা ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান লালটুর সঙ্গেও আহসান হাবীবের রাজনৈতিক যোগাযোগ ছিল।
এদিকে, ফ্যামিলি কার্ড শুমারী-২০২৬-এর মতো একটি সরকারি কার্যক্রমে তার চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে তার অতীত রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়াটি কতটা নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন।