
মোঃ জাহাঙ্গীর হোসেন
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেষ কুমার দাসের সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায়ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এ সময় একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :