“কলারোয়া প্রতিদিন”-এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রায় অর্ধশত সাংবাদিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া প্রতিদিন-এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় কলারোয়ার মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করা হয়। প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক মিলনমেলা।

কলারোয়া প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক প্রভাষক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নতুন সকালের বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউব, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, কলারোয়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি প্রভাষক হাফিজুর রহমান, সুপ্রভাত ঢাকা-এর স্টাফ রিপোর্টার ফারুক হোসেন রাজ এবং সাংবাদিকতা বিষয়ক পিএইচডি গবেষক প্রভাষক তবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার কলারোয়া উপজেলা সংবাদদাতা খোরশেদ আলম, দৈনিক সংবাদ সংযোগের জাহিদুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামান, দৈনিক প্রভাতী বাংলাদেশের আরিফুল ইসলাম, সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার রেজওয়ান উল্লাহ, দৈনিক দৃষ্টিপাতের তুহিন আহমেদ, দৈনিক আলোর পরশের জাবিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় বক্তারা সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও সম্পাদনার কৌশল, তথ্য যাচাই-বাছাই (ফ্যাক্ট-চেকিং), অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা এবং আধুনিক যুগের মোবাইল সাংবাদিকতা (MoJo) নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানই একজন সাংবাদিকের মূল শক্তি।

প্রশিক্ষকরা তাদের ব্যক্তিগত কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বাস্তব চ্যালেঞ্জ, আইনি ঝুঁকি মোকাবিলা, তথ্যসূত্র (সোর্স) সুরক্ষা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অনলাইন সাংবাদিকতায় আকর্ষণীয় ও মানসম্মত শিরোনাম রচনা, কনটেন্টের গুণগত মান বৃদ্ধি এবং ভুয়া খবর প্রতিরোধে সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে কলারোয়া প্রতিদিন-এর সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী বলেন, স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। তিনি অংশগ্রহণকারী সকল সাংবাদিক ও প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *