ব্রেকিং নিউজ :

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মান।। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান এলাকাবাসীর


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন | ১৭৯
আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মান।। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান এলাকাবাসীর

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি:
অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল।আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নের বাকড়া বোয়ালমারী এলাকায় বাঁশদহা নদীর ওপর নির্মিত হয়েছে একটি কাঠের সেতু। মাননীয় সংসদ সদস্যের বরাদ্দে নির্মিত এ সেতু চালু হওয়ায় নদী পারাপারের দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় সূত্র জানায়,এতদিন বাঁশদহা নদী পারাপারে শিক্ষার্থী,কৃষক,ব্যবসায়ী,শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করত। এতে শিক্ষা,কৃষিকাজ,ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবাগ্রহণ ব্যাহত হতো।
নতুন কাঠের সেতু নির্মাণের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এখন শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারছে,কৃষকরা সহজে উৎপাদিত ফসল পরিবহন করছেন,ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়া সহজ হয়েছে। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের জরুরি যাতায়াতও হয়েছে নিরাপদ ও দ্রুত।
স্থানীয় বাসিন্দারা বলেন,বহু বছরের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়িত হওয়ায় তারা আনন্দিত। সেতুটি নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন,এটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এনে দিয়েছে এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন ঘটিয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা,কাঠের সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হবে। এতে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও টেকসই ও নিরাপদ হবে বলে তাদের বিশ্বাস।