
আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় আবর্জনামুক্ত পরিবেশ গড়ে তোলা এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২ টায় কলারোয়া হাসপাতাল রোডসংলগ্ন ড্রেনের আবর্জনা অপসারণ ও পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, “পরিচ্ছন্ন কলারোয়া গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। আমাদের সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নিজে সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব। সম্মিলিত প্রচেষ্টায় আবর্জনামুক্ত ও জলাবদ্ধতামুক্ত কলারোয়া গড়ে তোলা সম্ভব।”
উল্লেখ্য, সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় কলারোয়া পৌর জামায়াতের আমীর ইউনুস আলী বাবু পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার বিষয়টি পৌর প্রশাসকের দৃষ্টিগোচর করলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বাপ্পি দাস, পৌর আমীর ইউনুস আলী বাবু, মো. কলিম উদ্দীন, কলারোয়া পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আপনার মতামত লিখুন :