
মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলারোয়া পূর্ব আদর্শ থানা শাখা।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার বামনখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হুসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া পূর্ব আদর্শ থানা শাখার সভাপতি আবু বকর, বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুল ইসলাম আসাদ, কারী রফিকুল ইসলামসহ ছাত্রশিবিরের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ এর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় পর্যায়ক্রমে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :