
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
স্বামী ও সন্তান হারিয়ে দীর্ঘ দিন ধরে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন মোছা. রাইমা খাতুন (৪৫)। থাকার মতো কোনো ভালো ঘর ছিল না তাঁর। অবশেষে কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের পরিবারের ব্যক্তিগত অর্থায়নে পাকা ঘর পেয়েছেন এই অসহায় নারী। মঙ্গলবার বিকেলে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকশা সরদারপাড়ায় গিয়ে দেখা যায়, নতুন বারান্দাবিশিষ্ট পাকা ঘরে স্বস্তিতে দিন কাটাচ্ছেন রাইমা।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় ১৮ বছর আগে স্বামী এবং ১০ বছর আগে কন্যাসন্তানকে সাপের কামড়ে হারিয়ে একা হয়ে যান রাইমা। মানসিক ও আর্থিক কষ্টে দিন কাটানো এই নারীর জন্য ইউপি চেয়ারম্যানের পারিবারিক তহবিল থেকে ঘরটি নির্মাণ করে দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, তাঁদের পারিবারিক উদ্যোগ ও শিল্পপতি ইমাম হোসেনের সহায়তায় ২০২৪ সাল থেকে গৃহহীনদের ঘর করে দেওয়া হচ্ছে। এ বছর আরও ১০টি ঘরের কাজ চলছে। সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :