
লিটন ঘোষ বাপি
দেবহাটায় অপদ্রব্য (জেলি) মেশানো চিংড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জুলাই) পরিচালিত এ অভিযানে প্রায় ১০০ কেজি অপদ্রব্য মেশানো চিংড়ি জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো সুজয় মণ্ডলের মাছের আড়ত, সুমন ট্রেডার্স এবং আল কাইয়ুম ফিস। এর মধ্যে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ (এফআইকিউসি, খুলনা) ইন্সপেক্টর আলমগীর হোসেন এবং দেবহাটা জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম। বিজিবি ও পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
মৎস্য কর্মকর্তারা জানান, সাতক্ষীরার চিংড়ির সুনাম ধরে রাখতে এবং রপ্তানিযোগ্য চিংড়ির মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি চালানো হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে অপদ্রব্য মেশানো চিংড়ির বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :