
ফিলিপাইনের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ৭.৮ মাত্রার এই ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানে।
প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামি ঢেউ আঘাত হানতে পারে এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার পর্যন্ত ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, এই ভূমিকম্প মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকার জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি।
ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপানের কর্মকর্তারা সম্ভাব্য বিপজ্জনক ঢেউ সম্পর্কে সতর্কতা জারি করেছেন এবং উপকূলীয় এলাকার নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (পিএইচআইভিওএলসিএস) জানিয়েছে, সারাঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই এবং সুলু সহ নয়টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা আরও ভেতরের দিকে সরে যাওয়া উচিত।
পিএইচআইভিওএলসিএস বলেছে, ওই প্রদেশগুলোর বন্দর, মোহনা বা অগভীর উপকূলীয় জলে থাকা নৌকার মালিকদের তাদের নৌকা সুরক্ষিত করতে এবং জলসীমা থেকে দূরে সরে যেতে হবে।
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)
আপনার মতামত লিখুন :