ব্রেকিং নিউজ :

বিজিবির অভিযানে ৩ বিএনপি নেতাসহ আটক ৪


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ২:২৯ অপরাহ্ন | ১০৯
বিজিবির অভিযানে ৩ বিএনপি নেতাসহ আটক ৪

চন্দনপুর ইউনিয়নের  বিএনপি নেতা, ২ ইউপি সদস্য ও ১ যুবদল নেতার বিরুদ্ধে ইয়াবা উদ্ধারের দাবি; উদ্ধার ৪৬ পিস ইয়াবা, চারজনকে কলারোয়া থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ বিএনপি নেতা, ১ যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, অভিযানে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গোয়ালপাড়া ১ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বিএনপি নেতা মোস্তফা ফারুক কবির, ২ নং কাঁদপুর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. নিজাম উদ্দিন মন্টু, চান্দুড়িয়া গোয়ালপাড়া ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আব্দুস সালাম এবং কাঁদপুর গ্রামের ভেটেরিনারি চিকিৎসক সোহাগ হোসেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়ড়া কলেজ মোড়ে সোহাগ হোসেনের ভেটেরিনারি দোকানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
শার্শা উপজেলার কায়বা বিওপির সুবেদার সাইদুর রহমান জানান, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, বিজিবির কাছ থেকে আটক চারজনকে থানায় গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।