ব্রেকিং নিউজ :

‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন’—বিয়ের পর স্বামীকে নিয়ে দীপ্তি চৌধুরীর আবেগঘন বার্তা


প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন | ১৮৯
‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন’—বিয়ের পর স্বামীকে নিয়ে দীপ্তি চৌধুরীর আবেগঘন বার্তা

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

বিয়ের আনুষ্ঠানিকতার কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করেছেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। বিয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!’—আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।

শুক্রবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় দীপ্তি চৌধুরীর আক্দ। পারিবারিক এ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দুই পরিবারের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’–এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ দীপ্তি চৌধুরীর জীবনসঙ্গী হয়েছেন মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় শিক্ষক ও গবেষক। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

দীপ্তির পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানান, ‘আজ আক্দ সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নবদম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

আক্দ সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের আরও কয়েকটি ছবি প্রকাশ করেন দীপ্তি। ছবিগুলোতে নবদম্পতিকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মুহূর্তে দেখা যায়। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার ছবির ক্যাপশন। স্বামীকে ‘মাস্টার সাহেব’ সম্বোধন করে লেখা আবেগঘন বার্তাটি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে।

পোস্টটির মন্তব্যের ঘরে সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়। অনেকে নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
প্রসঙ্গত, দীপ্তির ব্যবহৃত বাক্যটি মূলত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাসের বহুল পরিচিত সংলাপের অনুকরণে লেখা। মূল সংলাপে ছিল, ‘ডাক্তার সাহেব, তুমি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছ! তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।’ নিজের বাস্তব জীবনের আবেগের সঙ্গে সেই সাহিত্যিক আবহকে মিলিয়ে ‘ডাক্তার সাহেব’-এর পরিবর্তে ‘মাস্টার সাহেব’ শব্দটি ব্যবহার করেছেন দীপ্তি। ফলে তার এই সংক্ষিপ্ত বার্তাটি শুধু ভালোবাসার প্রকাশই নয়, বরং হুমায়ূন-সাহিত্যের প্রতি এক নস্টালজিক অনুরণনও হয়ে উঠেছে।