
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ফুটবল মাঠ চাষ করার ঘটনায় প্রতিবাদ করতে যেয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ১৩ জন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের দেবালয় গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশও হামলার শিকার হয়। আহতদের মধ্যে আহসান হাবীব (১২), রাশিদুল ইসলাম (২৭), সাইমুম (১৯) ও আবু হানিফা (১৮)কে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাইফুল ও তার রমজান হামলায় নেতৃত্ব দেন বলে দাবি ভুক্তোভোগীদের।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাশিদুল ইসলামের ভাষ্য দেবালয় মৌজাভুক্ত সরকারি প্রায় ১৮ বিঘা জমি দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভোগদখল করছিলেন মরহুম খাজা নাজিমউদ্দীনের পুত্র সাইফুল ও তার স্বজনরা। গ্রামবাসীদের দাবির প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশানর (ভুমি) কয়েক মাস আগে সেখান থেকে প্রায় ৮ বিঘা জমি খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য বরাদ্দ দেন। পরবর্তীতে স্থানীয় তরুনরা উক্ত জমি ফুটবল খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে থাকে।
সোমবার সকালে সাইফুল ও রমজানের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৩৫/৪০ জন ব্যক্তি ৩টি ট্রাক্টর নিয়ে সেখানে পৌছে মাঠ চাষ শুরু করে। এসময় গ্রামবাসীরা বাঁধা দিতে গেলে কাশিপুর ও খাগড়াদানা গ্রাম থেকে আগত ভাড়াটে সন্ত্রাসীরা স্থানীয়দের উপর হামলা করে। এসময় সন্তানদের রক্ষায় এগিয়ে এলে মরিয়ম খাতুন (২৩) ও আয়েশা বেগম (৪২) নামে দুই নারীও আহত হয়। অপর আহতরা হলো শাহাজালাল (১৮), সাইদ (৩০), সাগর (২০), রেজাউল (৩৫), মিজান (৩২), শাহিন(২৪), মোস্তাফিজুর (২৭)।
অভিযুক্ত সাইফুল ইসলামের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলেও রমজান আলী জানান, সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মাঠ চাষ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন যাবত উক্ত জমি তাদের দখলে। সরকার ইচ্ছে করলেই জমি অন্যকে দিতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হোসাইন জানান উক্ত জমি সরকারি। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সামান্য কিছু জমি খেলার মাঠ হিসেবে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল। তবে সোমবার সকালে কিছু ব্যক্তি একাধিক ট্রাক্টর নিয়ে জোরপুর্বক ঐ জমি চাষ করতে যেয়ে বাঁধা পেয়ে হামলার ঘটনা ঘটিয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকার সাথে জড়িতরা শ্যামনগর থানা পুলিশের সাথেও মারাত্মক দুর্ব্যবহার করেছে। এহাজার জমা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :