ব্রেকিং নিউজ :

লোক সঙ্গীতে সুরের জাদু: জাতীয় মঞ্চ কাঁপানো সাতক্ষীরার খুদে বিস্ময় প্রাঞ্জল


প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন | ১৪৯
লোক সঙ্গীতে সুরের জাদু: জাতীয় মঞ্চ কাঁপানো সাতক্ষীরার খুদে বিস্ময় প্রাঞ্জল

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :

মায়াজালে জাতীয় মঞ্চ জয় করে সাতক্ষীরা জেলার জন্য অনন্য এক গৌরব বয়ে এনেছে ৯ বছরের খুদে বিস্ময় প্রাঞ্জল সরদার। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর সাংস্কৃতিক বিভাগে লোক সঙ্গীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। প্রাঞ্জল শহরের সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক মেধাবী ছাত্র।
সাফল্যের এই মহাকাব্যিক পথচলা শুরু হয় গত ৭ জুন। সাতক্ষীরা পিটিআইতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দেশাত্মবোধক, নজরুল গীতি ও লোক সঙ্গীত-তিনটি বিভাগেই প্রথম স্থান অধিকার করে জেলার সেরা শিল্পী নির্বাচিত হয় প্রাঞ্জল। এরপর ৯ জুন খুলনার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের তুমুল প্রতিযোগিতায় অংশ নিয়ে লোক সঙ্গীতে প্রথম হয়ে বিভাগে সেরা হওয়ার গৌরব অর্জন করে। একই সাথে সেখানে নজরুল গীতি ও দেশাত্মবোধক গানেও দ্বিতীয় স্থান লাভ করে সে।
সবশেষ, গত ১৬ জুন মঙ্গলবার রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিলনায়তনে জমকালো জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। দেশের সেরা সব খুদে শিল্পীদের পেছনে ফেলে লোক সঙ্গীতে নিজের প্রতিভার অনন্য স্বাক্ষর রেখে রানার্স-আপ হওয়ার গৌরবময় সাফল্য ছিনিয়ে আনে প্রাঞ্জল।
কৃতি এই শিশু সাতক্ষীরার কামালনগরের মামনি বিশ্বাস ও প্রখ্যাত সঙ্গীত শিক্ষক প্রতাপ কুমার সরদারের একমাত্র সন্তান। ছেলের এমন অবিস্মরণীয় অর্জনে আবেগপ্লুত বাবা-মা। তারা জানান, প্রাঞ্জল শৈশব থেকেই সুরের ভুবনে মগ্ন থাকে। তাদের দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা, গভীর সঙ্গীত সাধনার মধ্য দিয়ে প্রাঞ্জল ভবিষ্যতে দেশ ও জাতির জন্য বিশেষ কিছু বয়ে আনবে। ভবিষ্যতের এই সুর-সারথির সুন্দর পথচলার জন্য তারা সকলের কাছে আন্তরিক আশীর্বাদ কামনা করেছেন। প্রাঞ্জলের এই অনন্য অর্জন পুরো সাতক্ষীরা জেলার জন্য বিশেষ গৌরবের।

(পত্রদূত)