
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
সাতক্ষীরার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে জাতীয় সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।
সংসদে বক্তব্যকালে এমপি গাজী নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরার সাম্প্রতিক পরিস্থিতি ও জেলা প্রশাসকের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, জেলা প্রশাসকের বক্তব্যে সাতক্ষীরাবাসীর সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং বিষয়টি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, “সাতক্ষীরার মানুষের অনুভূতি ও মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন।” একই সঙ্গে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংসদ সদস্য আরও বলেন, সাতক্ষীরা একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলা। এ জেলার জনগণ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাই জেলার মানুষকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়।
এদিকে জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সাতক্ষীরায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। বিষয়টি নিয়ে জেলার বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
(ক্রাইম বার্তা)
আপনার মতামত লিখুন :