
রাশিদুল কবির সবুজ:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৬ নম্বর রামচন্দ্রপুর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি গ্রামীণ রাস্তা স্থানীয় গ্রামবাসীর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় থাকায় এলাকাবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ থাকলেও সরকারি উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত গ্রামবাসী নিজেরাই অর্থ সংগ্রহ করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন।
গত ২৮ জুন স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়। এতে গ্রামের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং যাতায়াত অনেক সহজ হয়েছে।
সংস্কারকাজের সময় উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. দেলোয়ার হোসেন, শেখ জাহিদ, মো. হোসেন আলী, মো. আনিছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গ্রামবাসী।
এলাকাবাসী জানান, জনস্বার্থে সবাই মিলে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। তারা রাস্তাটির স্থায়ী উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :