ব্রেকিং নিউজ :

স্কুল যাওয়ার পথ যেন এক মরণফাঁদ: চরম দুর্ভোগে গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন | ২১৯
স্কুল যাওয়ার পথ যেন এক মরণফাঁদ: চরম দুর্ভোগে গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রভাষক আব্দুল আলিম
গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে বৃষ্টির মৌসুমে এই কাটা রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির পানি সরানোর জন্য বিদ্যালয় অভিমুখী প্রধান সড়কটি আড়াআড়িভাবে কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, গত বছর জলাবদ্ধতা নিরসনে এই স্থানে একটি পাইপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু স্থানীয় এক নারী মেম্বারের বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই রাস্তার পাশেই ওই মেম্বারের বাড়ি হওয়ায় তিনি তার ব্যক্তিগত স্বার্থে বা অন্য কোনো কারণে পাইপ বসাতে বাধা দিয়েছিলেন বলে স্থানীয়রা জানান।
এ বছর রাস্তাটি পুনরায় কেটে দেওয়ায় স্কুল ড্রেস পরে এবং বই-খাতা নিয়ে পার হতে গিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি অতিরিক্ত পিচ্ছিল হয়ে যাচ্ছে, যার ফলে প্রায়ই শিক্ষার্থীরা পা পিছলে পড়ে গিয়ে স্কুল ড্রেস ও বইপত্র নষ্ট করছে। অনেক শিশু বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতেও রয়েছে।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন জনপ্রতিনিধির বাড়ির সামনে হওয়ায় যদি পাইপ বসানো না যায় এবং কোমলমতি শিশুদের এভাবে কষ্ট পেতে হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই দ্রুত এখানে একটি স্থায়ী কালভার্ট বা পাইপ বসিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক।”
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সচেতন মহল দ্রুত এই জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।