
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুমঘাট ইউনিয়নের দুটি গ্রামে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। তিনি পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত কৃষ্ণপদ বৈদ্য ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
অন্যদিকে, দুপুর ১টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :