
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনিতে ৩০ পিস ভারতীয় শাড়িসহ রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ২ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশাশুনি-বড়দল সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় (গাছতলা মোড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল ইসলাম কালিগঞ্জ উপজেলার মাঘুরালী গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেওয়া হয়। চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মোটরসাইকেলের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১২টি বেনারসী,২টি জর্জেট, ১০টি কাতান ও ৬টি সিল্ক শাড়ি উদ্ধার করা হয়।
এ সময় লাল-কালো রঙের হোন্ডা এক্স-ব্লেড ১৬০ সিসি মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পুলিশের দাবি,রেজাউল বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কালিগঞ্জ সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি এনে বড়দল বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় পিএসআই দীপ্তিষ ঢালী বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি) ধারায় আশাশুনি থানায় মামলা করেছেন। মঙ্গলবার (১১-০৮-২৬ তারিখ) তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :