
কলারোয়া প্রতিনিধি:
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কলারোয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কলারোয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ যৌথ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় সহকারী কমিশনার (ভূমি), কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে চৌকস পুলিশ সদস্য, কাস্টমস কর্মকর্তা ও বিজিবির সদস্যরা অংশ নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়।
ভারতীয় সীমান্তঘেঁষা কলারোয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সীমান্তসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন কোনো সন্ত্রাসী গ্রুপ যাতে সংগঠিত হতে না পারে, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
কেঁড়াগাছি ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, “এ ধরনের মহড়া নিয়মিত হলে এলাকার চোরাকারবারিদের দৌরাত্ম্য কমবে এবং সন্ত্রাসীদের দমন করা সহজ হবে।”
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সন্ত্রাস, নাশকতা, চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ও মহড়া অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :